সোমবার ১৮ মে ২০২৬ - ১৩:৪৩
পবিত্র কুরআনে মাহদাভিয়াত (প্রথম খন্ড)

পবিত্র কুরআন মাজীদে ইমাম মাহদী (আ.ফা.)-এর আবির্ভাব ও কিয়াম সম্পর্কে সামগ্রিকভাবে আলোচনা করা হয়েছে এবং বিশ্বব্যাপী ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা ও সৎকর্মপরায়ণদের বিজয়ের সুসংবাদ প্রদান করা হয়েছে। শিয়া মুফাসসিরগণ এবং আহলে সুন্নতের কিছু মুফাসসির—আহলে বাইত (আ.)-এর রেওয়াত ও ইসলামী চিন্তাবিদদের মতামতের ভিত্তিতে—এ ধরনের আয়াতসমূহকে ইমাম মাহদী (আ.ফা.)-এর সঙ্গে সম্পৃক্ত বলে বিবেচনা করেছেন।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদন অনুযায়ী, ‘আদর্শ সমাজের দিকে’ শিরোনামে মাহদাভিয়াত বিষয়ক এই ধারাবাহিক আলোচনাটি ইমাম মাহদী (আ.ফা.)-এর সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষা ও জ্ঞান প্রচারের উদ্দেশ্যে উপস্থাপন করা হচ্ছে।

মাহদাভিয়াতের ধারণা ইসলামে গভীর কুরআনিক ভিত্তিসম্পন্ন। এই আসমানী কিতাব দৃঢ়তার সঙ্গে সমগ্র মানবজাতিকে “হক”-এর “বাতিল”-এর ওপর চূড়ান্ত বিজয়ের সুসংবাদ দিয়েছে।

কুরআন মাজীদে ইমাম মাহদী (আ.ফা.)-এর আবির্ভাব ও কিয়াম সম্পর্কে সামগ্রিকভাবে আলোচনা করা হয়েছে এবং বিশ্বব্যাপী ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা ও সৎকর্মপরায়ণদের বিজয়ের সুসংবাদ প্রদান করা হয়েছে। শিয়া মুফাসসিরগণ এবং আহলে সুন্নতের কিছু মুফাসসির—আহলে বাইত (আ.)-এর রেওয়াত ও ইসলামী আলেমদের মতামতের আলোকে—এই ধরনের আয়াতসমূহকে ইমাম মাহদী (আ.ফা.)-এর সঙ্গে সম্পর্কিত বলে মত প্রদান করেছেন।

এই আলোচনায় আমরা কুরআনের এমন কিছু আয়াত— যেগুলো মাহদাভিয়াত প্রসঙ্গে তুলনামূলকভাবে অধিক স্পষ্টতা বহন করে—সেগুলোর মধ্য থেকে কয়েকটি আয়াত উল্লেখ ও সংক্ষিপ্তভাবে পর্যালোচনা করব।

আলোচনায় প্রবেশের পূর্বে প্রয়োজনীয় কিছু পরিভাষা
আলোচ্য বিষয়ে প্রবেশের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিভাষার সংজ্ঞা ও ধারণা জানা আবশ্যক—
১. তাফসীর
‘তাফসীর’ শব্দটি ‘فَسَرَ’ ধাতু থেকে উদ্ভূত, যার অর্থ—উন্মোচন করা, স্পষ্ট করা। পরিভাষায় এর অর্থ হলো—
“দুর্বোধ্য ও জটিল শব্দের অস্পষ্টতা দূর করা” এবং একই সঙ্গে “কথার দালালত বা অর্থবোধে বিদ্যমান অস্পষ্টতা অপসারণ করা”।

তাফসীর সেই ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে শব্দগত কোনো অস্পষ্টতা অর্থ বোঝার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং তা দূর করার জন্য গবেষণামূলক প্রচেষ্টা প্রয়োজন হয়।

যেহেতু কুরআনের কিছু আয়াতের অর্থ সাধারণ মানুষের নিকট আংশিকভাবে গোপন বা দুর্বোধ্য, তাই সেগুলোর যথাযথ ব্যাখ্যা ও উন্মোচন অপরিহার্য। এ গুরুদায়িত্ব তাঁদের ওপর ন্যস্ত, যারা এ বিষয়ে যোগ্যতা, প্রজ্ঞা ও ঐশী অনুমোদন লাভ করেছেন।

২. তাওয়ীল
‘তাওয়ীল’ শব্দটি ‘أَول’ ধাতু থেকে আগত, যার অর্থ—মূলের দিকে প্রত্যাবর্তন করা। কোনো কিছুর তাওয়ীল অর্থ—তাকে তার প্রকৃত উৎস ও আসল অর্থে ফিরিয়ে নেওয়া। আর ‘মুতাশাবিহ’ শব্দের তাওয়ীল বলতে বোঝায়—তার বাহ্যিক অর্থকে এমনভাবে ব্যাখ্যা করা, যাতে তা তার প্রকৃত ও মৌলিক অর্থে প্রত্যাবর্তন করে।

কুরআনে ‘তাওয়ীল’ শব্দটি তিন অর্থে ব্যবহৃত হয়েছে—

মুতাশাবিহ বিষয়ের যথার্থ ব্যাখ্যা, যা যুক্তিসঙ্গত ও বর্ণনাসম্মত:

 وَمَا یَعْلَمُ تَأْوِیلَهُ إِلَّا اللَّهُ وَالرَّاسِخُونَ فِی الْعِلْمِ

  [আলে ইমরান: ৭]

স্বপ্নের ব্যাখ্যা, যা সূরা ইউসুফে একাধিকবার এসেছে।

কোনো বিষয়ের পরিণতি বা ফলাফল:

ذٰلِكَ تَأْوِیلُ مَا لَمْ تَسْتَطِعْ عَلَیْهِ صَبْرًا

  [সূরা কাহফ: ৭৮]

আরেকটি অর্থ—যা কুরআনে সরাসরি ব্যবহৃত না হলেও প্রাচীন আলেমদের আলোচনায় এসেছে—তা হলো: নির্দিষ্ট প্রসঙ্গে নাযিল হওয়া আয়াত থেকে সাধারণ ও ব্যাপক ধারণা গ্রহণ করা। এ অর্থে তাওয়ীলকে কখনও ‘বাতেন’ (অন্তর্নিহিত অর্থ) বলা হয়; যা ‘যাহির’ (প্রকাশ্য অর্থ)-এর বিপরীত।

এই অর্থ কুরআনের সার্বজনীনতা নিশ্চিত করে এবং একে সব যুগের জন্য প্রযোজ্য করে তোলে। কারণ, যদি আয়াতগুলোকে কেবল নির্দিষ্ট ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, তবে বহু আয়াতের কার্যকারিতা সীমিত হয়ে পড়বে।

নিঃসন্দেহে কুরআনে এমন কিছু মুতাশাবিহ আয়াত রয়েছে, যেগুলোর তাওয়ীল প্রয়োজন; তবে আল্লাহ তাআলা ও জ্ঞানে সুদৃঢ় ব্যক্তিবর্গ (راسخون فی العلم) ব্যতীত তা কেউ জানে না।

 وَمَا یَعْلَمُ تَأْوِیلَهُ إِلَّا اللَّهُ وَالرَّاسِخُونَ فِی الْعِلْمِ

[সূরা আলে ইমরান: ৭]

তাওয়ীলেরও নির্দিষ্ট শর্ত ও মানদণ্ড রয়েছে, যা সংশ্লিষ্ট গ্রন্থসমূহে বিস্তারিতভাবে আলোচিত হয়েছে।

৩. তাতবীক (প্রয়োগ)
কুরআনের বহু আয়াত সাধারণ শব্দে বর্ণিত হয়েছে, যা বিভিন্ন যুগে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। আবার কখনও কোনো আয়াতের শব্দ বিশেষ হলেও তার অর্থ ব্যাপক হয়—যা একই ধরনের কাজ সম্পাদনকারী অন্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে থাকে।

উপরোক্ত বিষয়গুলোর আলোকে, আমরা এখন ইমাম মাহদী (আ.ফা.) এবং তাঁর বিশ্বব্যাপী বিপ্লবের সঙ্গে সম্পর্কিত কিছু কুরআনিক আয়াত নিয়ে আলোচনা করব।

এই আলোচনা অব্যাহত থাকবে…

উৎস: ‘দারসনামা-এ মাহদাভিয়াত’— খোদা-মুরাদ সোলাইমান (সামান্য সম্পাদনাসহ)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha